
ফাইল ছবি
গণভোটের রায় কার্যকর এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে আজ শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় ঐক্য। বিকেল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) গুলশানে এক বৈঠক শেষে এই কর্মসূচির ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জনস্বার্থ রক্ষায় এবং সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সরকারের বর্তমান কর্মকাণ্ডকে ‘ফ্যাসিবাদী’ হিসেবে উল্লেখ করে তিনি জানান, রাজপথের আন্দোলন ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প নেই।
হামিদুর রহমান আজাদ আরও বলেন, “সংবিধান কেবল সংশোধন নয়, বরং আমূল সংস্কার করতে হবে। সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে।” জনগণের রায় সঠিকভাবে মূল্যায়ন না করলে আন্দোলনের তীব্রতা আরও বাড়ানো হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
জ্বালানি সংকট সমাধানে ব্যর্থতা এবং সংসদে মুলতবি প্রস্তাব উত্থাপন নিয়ে সরকারের কড়া সমালোচনা করে ১১ দলীয় জোটের এই নেতা জানান, আজকের সমাবেশ থেকে পরবর্তী আন্দোলনের গতিপথ নির্ধারিত হবে। যদি দ্রুত সময়ের মধ্যে গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে আগামী ৭ এপ্রিল নতুন করে দীর্ঘমেয়াদি আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।