
শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক
দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকটি শুরু হয়।
বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং শিল্প বিকাশের প্রতিবন্ধকতাগুলো নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত আছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এই বৈঠকের মাধ্যমেই দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করল ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’। মূলত সরকারের নীতিনির্ধারক এবং ব্যবসায়ীদের মধ্যে একটি কাঠামোগত ও নিয়মিত সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যে এই বিশেষ প্ল্যাটফর্মটি গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে গঠিত এই পরিষদে সরকারের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী ছাড়াও দেশের শীর্ষস্থানীয় ৯ জন ব্যবসায়ী ও উদ্যোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পরিষদে বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য খাতের অভিজ্ঞ উদ্যোক্তারা সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই উপদেষ্টা পরিষদ সরকারি নীতি প্রণয়নে বেসরকারি খাতের বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ যুক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে শিল্প খাতের সমস্যাগুলো সরাসরি নীতিনির্ধারণী পর্যায়ে আলোচিত হবে এবং দ্রুত সমাধানের পথ সুগম হবে।