
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে চালানো এক হামলায় একটি সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা–সরকারি বার্তা সংস্থা তাসনিম। শুক্রবারের ওই হামলার পর হেলিকপ্টারটির ক্ষতিগ্রস্ত অংশের একাধিক ছবি প্রকাশ করেছে সংস্থাটি, যা ঘটনাটিকে আরও স্পষ্ট করেছে বলে তাদের দাবি।
তবে হামলাটি ইরান নিজে চালিয়েছে, নাকি দেশটির মিত্র কোনো সশস্ত্র গোষ্ঠী করেছে—সে বিষয়ে তাসনিম কোনো মন্তব্য করেনি। যুদ্ধ শুরুর পর থেকেই কুয়েতে মার্কিন অবস্থানকে লক্ষ্য করে ইরান এবং ইরান–সমর্থিত ইরাকি শিয়া গোষ্ঠীগুলোর হামলা অব্যাহত রয়েছে।
এদিকে শুক্রবার রাতে আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী একদিনে একটি যুদ্ধবিমান, পাঁচটি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। মার্কিন ও ইসরায়েলি বিমানবাহিনীর জন্য দিনটি ছিল এক “কালো দিন” বলে মন্তব্য করে ইরানের এই বাহিনী।