
ছবি: সংগৃহীত
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, “কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৩ জন নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও ২ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের পরিবারের যে ক্ষতি হয়েছে, তা কখনোই পূরণ হওয়ার নয়। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
জামায়াত আমির ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ কারখানা গড়ে ওঠার কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা এবং যথাযথ তদারকির অভাবেই সাধারণ মানুষকে বারবার প্রাণ দিতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান অবিলম্বে এই অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে অবৈধ কারখানাগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং শিল্পকারখানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।