
মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আজ রবিবার বিশেষ নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
রমজান ও ঈদসহ দীর্ঘ ৪০ দিনের ছুটির পর ২৯ মার্চ থেকে ক্লাস শুরু হলেও জ্বালানির চাপ বেড়ে যাওয়ায় আংশিক অনলাইন ক্লাস চালুর প্রস্তাব আলোচনায় রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় পরিস্থিতি বিবেচনায় নতুন সিদ্ধান্ত জানাবে, তবে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়—সেটি অগ্রাধিকার হিসেবে রাখা হচ্ছে।
একই সঙ্গে রাজধানীসহ দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত হয়েছে। বিদ্যালয়গুলো এসব বাস বিনা শুল্কে আমদানি করতে পারবে; বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রে ২০% শুল্ক দিতে হবে। শর্ত—বাস অবশ্যই নতুন হতে হবে।
পূর্ব প্রস্তাব অনুযায়ী, সপ্তাহে ছয় দিনের ক্লাসের মধ্যে তিন দিন অনলাইন ও তিন দিন সশরীর ক্লাস হতে পারে। অনলাইন ক্লাস নিলেও শিক্ষকরা প্রতিষ্ঠান থেকে পাঠদান করবেন, আর ব্যবহারিক ক্লাস হবে সশরীরে।