
স্বাগতিক মিয়ামির হয়ে নতুন মাঠে অভিষেক গোলটি করলেন লিওনেল মেসি
ইন্টার মিয়ামির নবনির্মিত ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে প্রথম গোলদাতার নাম নিয়ে চলল নাটকীয়তা। ম্যাচের ৬ মিনিটে সফরকারী অস্টিন এফসির গুইলহার্মে বিরো জালে বল জড়িয়ে স্টেডিয়ামের ইতিহাসের প্রথম গোলটি করলেও, স্বাগতিক মিয়ামির হয়ে নতুন মাঠে অভিষেক গোলটি করলেন লিওনেল মেসি। ১০ মিনিটের মাথায় করা এই গোলের মাধ্যমেই নতুন ভেন্যুতে নিজেদের গোলের খাতা খোলে ফ্লোরিডার ক্লাবটি।
রোববার ভোরে অস্টিনের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিয়ামি। শুরুতেই গোল হজম করার ৪ মিনিট পরেই দলকে সমতায় ফেরান আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। তবে ৫৩ মিনিটে জেডেন নেলসনের গোলে আবারও লিড পায় টেক্সাসের ক্লাব অস্টিন। হারের শঙ্কায় থাকা মিয়ামিকে ৮১ মিনিটে উদ্ধার করেন লুইস সুয়ারেজ। উরুগুইয়ান এই তারকার গোলে শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ড্র হয় ম্যাচটি।
ইস্টার্ন কনফারেন্সে ৬ ম্যাচ খেলে ৩ জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে শক্ত অবস্থানে আছে মিয়ামি। অন্যদিকে সমান ম্যাচে মাত্র ১ জয় নিয়ে ওয়েস্টের্ন কনফারেন্সের ১১ নম্বরে পড়ে আছে অস্টিন।