
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এক ব্রিটিশ ফ্লাইট অ্যাটেনডেন্টকে একটি ড্রোন হামলার ছবি শেয়ার করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা যুদ্ধসংক্রান্ত তথ্য নথিবদ্ধকারীদের ওপর দমন-পীড়নের ইঙ্গিত দিচ্ছে যা মুক্ত বৈশ্বিক কেন্দ্র হিসেবে দুবাইয়ের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলছে বলে মনে করা হচ্ছে।
২৫ বছর বয়সী ওই কেবিন ক্রু দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্ষয়ক্ষতির একটি ছবি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেন। সেখানে তিনি সহকর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, বিমানবন্দরের ভেতর দিয়ে হাঁটা কি নিরাপদ?
পরে কর্তৃপক্ষ তার ফোন তল্লাশি করে এবং কঠোর সাইবার অপরাধ আইনের আওতায় তার বিরুদ্ধে অভিযোগ আনে বলে ডেইলি মেইল জানিয়েছে।
এই অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড এবং ৫০ হাজার ডলারের বেশি জরিমানার মুখোমুখি হতে হতে পারে।
ফেব্রুয়ারি ২৮ তারিখ থেকে শুরু হওয়া ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী যুদ্ধের পর থেকে এই ঘটনা বৃহত্তর গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে।
মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সঙ্গে সম্পর্কিত ভিডিও বা ছবি ধারণ কিংবা শেয়ার করার অভিযোগে বহু ব্রিটিশ নাগরিক আটক হয়েছেন, যাদের মধ্যে পর্যটক, প্রবাসী ও বিমান সংস্থার কর্মীরাও রয়েছেন।
‘ডিটেইনড ইন দুবাই’ নামের একটি অধিকারভিত্তিক সংগঠনের মতে, ‘জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে’ এমন কনটেন্ট প্রচারকে অপরাধ হিসেবে গণ্য করা আইনের আওতায় অনেককে অভিযুক্ত করা হয়েছে। সংগঠনটি জানিয়েছে, আক্রান্ত ব্রিটিশ নাগরিকের সংখ্যা ৭০ জন পর্যন্ত হতে পারে।
একটি ঘটনায়, ৬০ বছর বয়সী এক ব্রিটিশ পর্যটক একটি হামলার ভিডিও ধারণ করার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সেটি মুছে ফেলেন। তবুও তাকে আটক করা হয়।
এই দমন-পীড়নের মধ্যেই ইউএই দুবাইকে বৈশ্বিক পর্যটন, ব্যবসা ও ডিজিটাল কনটেন্ট নির্মাতাদের কেন্দ্র হিসেবে তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
দেশটির জনসংখ্যার বড় অংশই প্রবাসী হওয়ায় সমালোচকরা আশঙ্কা করছেন, এসব গ্রেপ্তার সেই জনগোষ্ঠীকেই লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে, যারা দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তির মূল ভিত্তি।
ইউএইর অ্যাটর্নি জেনারেল সতর্ক করে বলেছেন, সংকটকালে কোনো ধরনের কনটেন্ট শেয়ার করলে তাৎক্ষণিক ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে।
অধিকারকর্মীরা বলছেন, এসব পদক্ষেপ দুবাইয়ের উন্মুক্ততার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে, কারণ কর্তৃপক্ষ দেশের ভেতরে যুদ্ধসংক্রান্ত তথ্য কীভাবে প্রচারিত হবে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ডিটেইনড ইন দুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রাধা স্টার্লিং এক বিবৃতিতে বলেন, ‘সংঘাত নিয়ে অসংখ্য ছবি, ভিডিও ও সংবাদ অনলাইনে ছড়িয়ে আছে। মানুষ স্বাভাবিকভাবেই মনে করে, কোনো কিছু যদি ইতোমধ্যেই ব্যাপকভাবে প্রচারিত হয়, তবে তা নিয়ে মন্তব্য করা বা শেয়ার করা গ্রহণযোগ্য। কিন্তু ইউএইতে এই ধারণা অত্যন্ত বিপজ্জনক হতে পারে।’
মিডল ইস্ট আই