
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী এবার জাতীয়ভাবে উদযাপিত হবে ময়মনসিংহের ত্রিশালে। আগামী ২৫ মে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী- এমনটিই আশা প্রকাশ করা হচ্ছে।
শনিবার (৪ এপ্রিল) ত্রিশাল নজরুল অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এই তথ্য নিশ্চিত করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী, ২০২৬ উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির বিকাশে করণীয়” শীর্ষক এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশালেই এবার জাতীয় পর্যায়ের এই আয়োজন করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা সাংস্কৃতিক অঙ্গনকে আরও ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সভায় স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ তাঁদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা।
কবির জন্মজয়ন্তীকে ঘিরে ত্রিশালজুড়ে এখন থেকেই উৎসবের আমেজ বিরাজ করছে।