
মার্কিন সি-১৩০ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান
এবার ইস্ফাহানে একটি মার্কিন সি-১৩০ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। ইরান পুলিশের বিশেষ কমান্ডো ইউনিট ‘ফারাজ রেঞ্জার্স’ অভিযান পরিচালনা করে বিমানটি ধ্বংস করেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ।
রোববার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদ সংস্থাটি বলেছে, বিমানটি সেই মুহূর্তে সংশ্লিষ্ট অঞ্চলে ‘আগ্রাসনকারীদের’ জ্বালানি সরবরাহ কাজে নিয়োজিত ছিল।
ইরান এই ঘটনাকে তাদের সার্বভৌমত্ব ও পবিত্র ভূমি রক্ষার অংশ হিসেবে বর্ণনা করেছে।
তবে এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওই এলাকায় নিখোঁজ মার্কিন সেনার সন্ধানে অভিযানের মাঝেই এই ভূপাতিত করার দাবি নতুন করে উত্তেজনা সৃষ্টি করল।
এরআগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, উদ্ধার অভিযানে যাওয়া দুটি সামরিক বিমান ইরানে আটকে গিয়েছিল। কিন্তু বিমানগুলো যেন ইরানের হাতে না যায় সেজন্য এগুলো ধ্বংস করে দেয় মার্কিন সেনারাই। পরবর্তীতে আরও তিনটি বিমান নিয়ে যুদ্ধবিমানের ক্রু ও উদ্ধারকারীদের উদ্ধার করে আনা হয়।