
এতে আরও বলা হয়, এই দুই ব্যক্তি গত জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভে জড়িত ছিলেন
চলতি বছরের শুরুতে সরকারবিরোধী বিক্ষোভের সময় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করার দায়ে দোষী সাব্যস্ত দুই ব্যক্তিকে আজ রোববার মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইটে বলা হয়েছে, ‘মামলাটি পর্যালোচনা এবং সুপ্রিম কোর্ট কর্তৃক চূড়ান্ত রায় নিশ্চিত হওয়ার পর মোহাম্মদ-আমিন বিগলারি এবং শাহিন ভাহেদপারস্তের ফাঁসি কার্যকর করা হয়েছে।’
এতে আরও বলা হয়, এই দুই ব্যক্তি গত জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভে জড়িত ছিলেন।
জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে ডিসেম্বরের শেষের দিকে এই বিক্ষোভ শুরু হয়, যা পরে দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়। গত ৮ ও ৯ জানুয়ারি বিক্ষোভ-প্রতিবাদ চরমে পৌঁছায়।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, সমাবেশগুলো শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরে হত্যা ও ভাঙচুরের মতো ‘বিদেশি উস্কানিতে সৃষ্ট দাঙ্গায়’ পরিণত হয়।
ইরান সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভ বা বিরোধী দলগুলোর সাথে যুক্ত ব্যক্তিদের, নিষিদ্ধ ঘোষিত পিপলস মুজাহিদিন (এমইকে)-এর সদস্যদেরসহ, একাধিক মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প