
ফাইল ছবি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত বেতনকাঠামো বাস্তবায়ন বিষয়ে সচিব কমিটি পর্যালোচনা শেষে প্রতিবেদন দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বেতনকাঠামো নিয়ে সচিব কমিটির বৈঠক হয়।
তিনি জানান, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণ সম্পূর্ণভাবে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হবে। সচিব কমিটি প্রস্তাবগুলো পরীক্ষা করে সুপারিশ করবে এবং সেই সুপারিশ অনুযায়ী সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি ও অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকার গঠিত ২৩ সদস্যের বেতন কমিশন গত ২২ জানুয়ারি সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয়। নতুন কাঠামোয়— সর্বনিম্ন বেতন বাড়বে ৮,২৫০ টাকা থেকে ২০,০০০ টাকা, সর্বোচ্চ বেতন বাড়বে ৭৮,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা। কমিশন ধারণা দিয়েছে, প্রস্তাব বাস্তবায়নে অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা।
এর অংশ হিসেবে ৮ ফেব্রুয়ারি ৯ সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। তারা জাতীয় বেতন কমিশন-২০২৫, বিচার বিভাগীয় পে কমিশন ও সশস্ত্র বাহিনীর বেতন কমিশনের প্রতিবেদন মূল্যায়ন করে সরকারের কাছে চূড়ান্ত সুপরামর্শ দেবে। সেই ভিত্তিতেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।