
ফাইল ছবি
দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে বড় ধরনের সংস্কার আনছে সরকার। দীর্ঘদিনের পুরোনো পদ্ধতি বাতিল করে প্রথমবারের মতো কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে এসব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এনটিআরসিএ জানায়, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও মেধার মূল্যায়ন নিশ্চিত করতে স্বাধীনতার পর এবারই প্রথম এ ধরনের কেন্দ্রীয় পরীক্ষাভিত্তিক পদ্ধতি চালু করা হচ্ছে। নতুন ব্যবস্থায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য থাকা প্রধান, অধ্যক্ষ ও সহকারী প্রধানের পদে পরীক্ষার ফলের ভিত্তিতে মেধানুসারে নিয়োগ হবে।
সংস্থাটি জানিয়েছে, বর্তমানে সারাদেশে ১২ হাজার ৯৫১টি পদ শূন্য রয়েছে। নতুন পদ্ধতি, পরীক্ষার কাঠামো ও নিয়োগ পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাতে এনটিআরসিএ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
আগামী ৭ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টা, এনটিআরসিএ চেয়ারম্যানের দপ্তরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম নতুন ব্যবস্থার কর্মপরিকল্পনা তুলে ধরবেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।