
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল আজ সোমবার ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের ১১তম সভা বসবে।
ইসি জানিয়েছে, তফসিল ঘোষণার পাশাপাশি সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত ভোটার তালিকাও আজ প্রকাশ করা হবে। সভায় সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে অন্য কমিশনাররা এবং ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ইসি সূত্র জানায়, সভার আলোচ্যসূচিতে পাঁচটি মূল বিষয় রাখা হয়েছে— সংরক্ষিত নারী আসনের নির্বাচন ও সংশ্লিষ্ট কার্যক্রম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যবহৃত সামগ্রী সংরক্ষণ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা, শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন সংক্রান্ত অবহিতকরণ, নির্বাচন–পূর্ব ও নির্বাচন–পরবর্তী মামলার অগ্রগতি, নির্বাচনী দায়িত্ব পালনকালে আহত ও নিহতদের ক্ষতিপূরণ নীতিমালা।
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) আইন ২০২৩ অনুযায়ী, মূল নির্বাচনের গেজেট প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যে দলীয় অবস্থান নির্ধারণ ও পরদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বাধ্যতামূলক। সেই সময়সীমা গতকাল শেষ হওয়ায় আজ ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে।
গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনের নির্বাচন সম্পন্ন করতে হবে। ফলে ১৪ মে’র আগেই ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। তবে চলতি এপ্রিলেই নির্বাচন শেষ করতে চায় কমিশন।