
সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ ও ভারতের মধ্যে জনস্বাস্থ্য, আর্থিক অন্তর্ভুক্তি, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ, ব্যবসা সহজীকরণ, প্রযুক্তিগত অংশীদারিত্ব এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
এছাড়া দুই দেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এদিকে ভারতীয় দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে হাইকমিশনার প্রণয় ভার্মা ভৌগোলিক নৈকট্যকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও ভারতের উচিত নতুন সুযোগ সৃষ্টি করা। এ জন্য অর্থনৈতিক ও যোগাযোগ সংযোগ জোরদার, পাশাপাশি সাংস্কৃতিক ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।