
রাতভর বিমান হামলায় ছয় শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে
ইরানের তেহরান প্রদেশে রাতভর বিমান হামলায় ছয় শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি দাবি করেছে।
সংস্থাটির খবরে বলা হয়, নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী চার মেয়ে ও দুই ছেলে রয়েছে। হামলাটি তেহরান প্রদেশের বাহারেস্তান কাউন্টির একটি আবাসিক এলাকায় চালানো হয়েছে বলে জানানো হয়।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এমন হামলার খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।