
ছবি: সংগৃহীত
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে, যাদের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। সোমবার (৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম সন্দেহে ১ হাজার ২৮২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৮০ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ১৩৮ জনই ঢাকা বিভাগের।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১১৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৫ হাজার ৯৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ১ হাজার ৯৯ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ৩১১ জন রোগী পাওয়া গেছে।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের পর দ্বিতীয় সর্বোচ্চ ১০ জন করে রোগী শনাক্ত হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। এছাড়া খুলনায় ৯ জন, সিলেট বিভাগে ৬ জন, রংপুরে ২ জন এবং রাজশাহী বিভাগে ৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ বিশেষ সতর্কতা জারি করেছে এবং অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে।