
ফাইল ছবি
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের (জুলাই আন্দোলন) সময় নীরব থাকায় ব্যাপক সমালোচনার মুখে পড়া সাকিব আল হাসান অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপকালে তিনি জুলাই শহীদদের প্রতি সমবেদনা জানিয়ে প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
সাকিব আল হাসান জানান, যেকোনো মৃত্যুই অত্যন্ত বেদনাদায়ক এবং অপ্রত্যাশিত। তার মতে, প্রতিটি জীবনের মূল্য রয়েছে এবং এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।
নিহতদের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি এই অলরাউন্ডার একটি নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। সাকিবের ভাষ্যমতে, ‘আমি চাই প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়ে বিচার নিশ্চিত করা হোক। কিন্তু তদন্তের নামে কাউকে যেন অন্যায়ভাবে ফাঁসানো না হয়।’
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের সময় সাকিব আল হাসান দেশের বাইরে কানাডায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে ব্যস্ত ছিলেন। সেই সময় তার নীরবতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়। পরবর্তীতে তাকে আসামি করে রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন শহীদ রুবেলের বাবা।
এছাড়া আর্থিক অনিয়ম, শেয়ারবাজার কারসাজি ও দুর্নীতিসহ একাধিক মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ২০২৪ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত তিনি দেশে ফিরতে পারেননি। বর্তমানে তিনি দেশের বাইরেই অবস্থান করছেন। তবে দীর্ঘ সময় পর জুলাইয়ের ঘটনা নিয়ে তার এই মন্তব্য ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।