
টালিউডের বরেণ্য নির্মাতা ও অভিনেত্রী অপর্ণা সেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বর্তমান চলচ্চিত্র পরিস্থিতি নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন। দর্শকের রুচির পরিবর্তন ও সিনেমার প্রতি আগ্রহ কমে যাওয়ায় তিনি পরিচালনা থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন।
‘স্ট্রেট আপ উইথ শ্রী’ অনুষ্ঠানে তিনি বলেন, “টালিউড এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। টিভির ধারাবাহিক এত বেশি যে দর্শকের রুচি পুরোই বদলে গেছে। আমি কার জন্য ছবি বানাব? আমার দর্শক কোথায়?”—এমন প্রশ্নও তোলেন তিনি।
অপর্ণা সেন জানান, বর্তমান বাস্তবতায় নতুন সিনেমা নির্মাণের উৎসাহ আর পাচ্ছেন না। তার সর্বশেষ চলচ্চিত্র ‘দ্য র্যাপিস্ট’ আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও এখনো প্রেক্ষাগৃহে মুক্তির অনিশ্চয়তা নিয়ে তিনি উদ্বিগ্ন।
ওটিটি প্ল্যাটফর্ম নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এখন হালকা বিনোদনধর্মী কনটেন্টই বেশি প্রাধান্য পাচ্ছে; গম্ভীর বা মননশীল গল্পের প্রতি দর্শকের আগ্রহ কমে গেছে।
১৯৬১ সালে সত্যজিৎ রায়ের ‘তিন কন্যা’ দিয়ে অভিনয়জীবন শুরু করেন অপর্ণা সেন। পরে নির্মাতা হিসেবে ‘৩৬ চৌরঙ্গী লেন’, ‘যুগান্ত’, ‘আইয়ার’, ‘গয়নার বাক্স’-এর মতো সমাদৃত চলচ্চিত্র উপহার দিয়েছেন।
পরিচালনা থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও তিনি অভিনয়ে থাকছেন। মেয়ে কঙ্কনা সেন শর্মার ওয়েব সিরিজ ‘ওয়েলকাম টু খোয়া মহল’–এ তাকে আবার দেখা যাবে।