
সংগৃহীত ছবি
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের ভোটের প্রমাণ গণভোটেই স্পষ্ট। “৭০ ভাগ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছে—এটাই প্রমাণ। আমরা ‘হ্যাঁ’-এর পক্ষে ছিলাম, আছি এবং থাকব। এই সংসদ মানুক বা না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব।”—এমন দৃঢ় অবস্থান ব্যক্ত করেন তিনি।
সোমবার (৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে বারবার ফ্যাসিবাদই জাতিকে পিছিয়ে দিয়েছে। তিনি বলেন, “চব্বিশের বিপ্লবীরা ফ্যাসিবাদকে ছুড়ে ফেলেছিল বঙ্গোপসাগরে, নালায়, নর্দমায়। এখন আবার কেউ কেউ নর্দমা থেকে সেটাকে তুলে আনতে চায়।”
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্ম প্রমাণ করেছে যে তারা জেগে উঠলে বছরের পর বছর আন্দোলনের প্রয়োজন হয় না—তাদের দৃঢ় অবস্থানই “ফ্যাসিবাদিদের কলিজায় কাঁপন ধরানোর জন্য যথেষ্ট”। বিরোধী দলও এই প্রজন্মের পাশে রয়েছে বলে জানান তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, “যেদিন গণভোটের রায় অস্বীকার করা হলো, সেদিন থেকেই দেশে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে। আমরা এই যাত্রা থামিয়ে দেব, এগোতে দেব না—ইনশা আল্লাহ।”
তিনি আত্মবিশ্বাসের সাথে জানান, গণতান্ত্রিক রায় প্রতিষ্ঠায় বিরোধী দল তাদের আন্দোলন অব্যাহত রাখবে।