
সংগৃহীত ছবি
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে এক ব্যতিক্রমী মিশনে দিল্লি যাচ্ছেন বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি দিল্লিতে পা রাখবেন। তবে এই সফরের সবচেয়ে আলোচিত দিক হলো, দিল্লি সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একই বাণিজ্যিক বিমানে মরিশাস যাত্রা।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রমতে, আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এয়ার মরিশাসের একটি বিমানে দুই পররাষ্ট্রমন্ত্রী একসঙ্গে মরিশাসের উদ্দেশে রওনা হবেন। সেখানে তারা নবম ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্সে’ যোগ দেবেন।
দিল্লি থেকে মরিশাস পর্যন্ত প্রায় আট ঘণ্টার এই দীর্ঘ বিমানযাত্রায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একান্ত আলাপচারিতার এক বিরল সুযোগ তৈরি হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই যৌথ যাত্রা দুই দেশের সম্পর্ক ‘রিক্যালিব্রেট’ বা নতুন করে গুছিয়ে নেওয়ার একটি স্পষ্ট আভাস।
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম কোনো হাই-প্রোফাইল দ্বিপাক্ষিক সফর। বুধবার (৮ এপ্রিল) ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। দ্বিপাক্ষিক আলোচনায় গঙ্গা চুক্তি নবায়ন, সীমান্ত হত্যা বন্ধ এবং জ্বালানি সরবরাহের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের পক্ষ থেকেও এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাবেক কূটনীতিকদের মতে, দুই পক্ষই এখন অনুধাবন করেছে যে সম্পর্কের এই স্থবিরতা কারও জন্যই মঙ্গলজনক নয়। খলিলুর রহমানের এই সফর এবং জয়শঙ্করের সঙ্গে দীর্ঘ বিমানযাত্রা আগামী দিনে দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক পথচলায় একটি বড় পরিবর্তনের সূচনা করতে পারে। এমনকি এটি অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পথও প্রশস্ত করবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।