
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত করার লক্ষ্য নিয়ে দেশটিতে সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আগামীকাল বুধবার (৮ এপ্রিল) তিনি কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর বিশেষ আমন্ত্রণে আয়োজিত এই সফরে আগামী ১১ এপ্রিল পর্যন্ত তারা দেশটিতে অবস্থান করবেন। সফরের প্রধান আলোচ্যসূচি হিসেবে বাংলাদেশ থেকে সাধারণ কর্মী নিয়োগ পুনরায় চালুর বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘বারনামা’ জানিয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সফরের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে। সফরকালকে ‘কর্তব্যরত’ হিসেবে গণ্য করা হবে এবং এর যাবতীয় ব্যয় বহন করবে মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১ জুন থেকে বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে শ্রমিক নিয়োগ বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার। তবে নেপালসহ অন্যান্য দেশ থেকে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকায় বাংলাদেশি কর্মীদের মধ্যে ব্যাপক হতাশা সৃষ্টি হয়। গত দুই বছর ধরে বাজারটি বন্ধ থাকায় হাজার হাজার বিদেশগামী কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এই সফরকে কেন্দ্র করে দেশের রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সংগঠন জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে অতীতের ‘সিন্ডিকেট’ ব্যবসার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে। একইসঙ্গে নতুন কোনো সিন্ডিকেট বা নির্দিষ্ট সংখ্যক এজেন্সির হাতে বাজার জিম্মি না করে সব বৈধ এজেন্সির জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, অতীতে কর্মী নিয়োগকে কেন্দ্র করে অর্থপাচার ও দুর্নীতির যে অভিযোগ উঠেছিল, তা নিরসনে এবারের বৈঠকে বিশেষ জোর দেওয়া হবে। অর্থপাচার সংক্রান্ত একাধিক মামলা বর্তমানে দুদক ও আদালতে বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সফরের মাধ্যমে একটি স্বচ্ছ, আধুনিক এবং নিরাপদ প্রক্রিয়ায় মালয়েশিয়ার শ্রমবাজার আবার সাধারণ কর্মীদের জন্য খুলে যাবে।