
টালিউড সুপারস্টার কোয়েল মল্লিক
রূপালি পর্দার জনপ্রিয় নায়িকা থেকে এবার দেশের নীতিনির্ধারণী মঞ্চে পা রাখলেন টালিউড সুপারস্টার কোয়েল মল্লিক। সোমবার (৬ এপ্রিল) ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন তিনি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মনোনয়নে নির্বাচিত হওয়ার পর দিল্লির এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন এই তারকা অভিনেত্রী।
দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ারে সাফল্যের শিখরে পৌঁছানোর পর কোয়েলের এই রাজনৈতিক অভিষেক সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা তৈরি করেছে।
দিল্লির এই বিশেষ অনুষ্ঠানে কোয়েল মল্লিক নিজের শেকড় ও মাতৃভাষার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আদ্যোপান্ত বাঙালিয়ানায় ভরপুর এই অনুষ্ঠানে তিনি বাংলা ভাষাতেই তার শপথবাক্য পাঠ করেন। উচ্চকক্ষের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিজের প্রথম উপস্থিতিতেই বাংলার জয়গান গেয়ে তিনি উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছেন।
শপথ গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে কোয়েল জানান, রাজ্যসভার সদস্য হতে পেরে তিনি অত্যন্ত সম্মানিত বোধ করছেন। বাংলার মানুষের সেবা করার সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি নতুন এই দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
মেয়ের জীবনের এই বিশেষ মুহূর্তে পাশে ছিলেন তার গর্বিত বাবা বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক এবং মা দীপা মল্লিক। এছাড়া কোয়েলের স্বামী নিসপাল সিং রানে এবং তাদের পুত্র কবীরও এই ঐতিহাসিক ক্ষণে উপস্থিত থেকে তাকে উৎসাহ দিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ প্রজন্মের কাছে কোয়েলের যে ইতিবাচক ভাবমূর্তি রয়েছে, তা সংসদীয় কার্যক্রমে এক নতুন মাত্রা যোগ করতে পারে। পর্দার অভিনয়ের মায়া কাটিয়ে কোয়েল এখন কতটা সফলভাবে রাজপথ ও সংসদের লড়াই সামলান, সেদিকেই তাকিয়ে আছে তার অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।