
ফাইল ছবি
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৩ হাজার ৬৩১ জন পরীক্ষার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পিএসসির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা গত ২৭ নভেম্বর একযোগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে শুরু হয়েছিল। সাধারণ ক্যাডারের পাশাপাশি কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়গুলোর লিখিত পরীক্ষা গত বছরের ১৮ ডিসেম্বর পর্যন্ত চলে। দীর্ঘ যাচাই-বাছাই শেষে আজ এই চূড়ান্ত ফল ঘোষণা করল কমিশন।
এর আগে গত বছরের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৯ দিনের মাথায় ২৮ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে রেকর্ড গড়েছিল পিএসসি। প্রিলিমিনারিতে উত্তীর্ণরাই পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশ নেন।
২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের মূল বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এতে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগের কথা উল্লেখ করা হয়। তবে সে সময় আবেদন প্রক্রিয়া নিয়ে কিছুটা জটিলতা তৈরি হলে ২৬ ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কমিশন।
পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচী শীঘ্রই সংবাদপত্রের মাধ্যমে এবং কমিশনের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন