
সাকিব আলী || ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের একটি অভিজাত আবাসন থেকে সাকিব আলী (৩০) নামের এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। সোমবার (৬ এপ্রিল) মেরিনা ডেল রে সিটি এলাকার নিজ ফ্ল্যাট থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
নিহত সাকিব আলী বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান ‘অ্যামাজন’-এ কর্মরত ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক মোহাম্মদ আলী মানিকের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে সাকিবের সঙ্গে তার পরিবারের কোনো যোগাযোগ ছিল না। ছেলের কোনো খোঁজ না পেয়ে উদ্বেগজনক অবস্থায় সোমবার তার বাবা ডা. মানিক ও মা শাকিরা আলী জর্জিয়ার আটলান্টা থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছান। সাকিবের বাসার দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তারা তাৎক্ষণিক স্থানীয় পুলিশকে অবহিত করেন। পরবর্তীতে পুলিশ এসে অ্যাপার্টমেন্ট সুপারভাইজারের সহায়তায় দরজা খুলে শয়নকক্ষের মেঝেতে সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখে।
প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, সাকিব হৃদরোগে আক্রান্ত হয়ে অন্তত দুদিন আগেই মৃত্যুবরণ করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক লস্কর আল মামুন।
মেধাবী এই তরুণ তথ্যপ্রযুক্তিতে উচ্চতর ডিগ্রি অর্জন করে আটলান্টার টেলিকম জায়ান্ট ‘এটিঅ্যান্ডটি’ -তে কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি অ্যামাজনে যোগ দেন এবং কাজের সুবাদে ফ্লোরিডা হয়ে লস অ্যাঞ্জেলেসে স্থানান্তরিত হন। লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর সংলগ্ন মেরিনা ডেল রে এলাকায় তিনি একাই বসবাস করতেন।
সাকিবের এই অকাল মৃত্যুতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ জর্জিয়ায় নিয়ে যাওয়ার আগে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইসলামিক সেন্টারে জানাজা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।