
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তান্না
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তান্না প্রথমবারের মতো মা হতে চলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের গর্ভাবস্থার খবর জানিয়ে ভক্তদের বড় চমক দিয়েছেন তিনি। দীর্ঘ পাঁচ বছরের দাম্পত্য জীবনের পর স্বামী বরুণ বাঙ্কেরার সঙ্গে তাদের সংসারে নতুন অতিথির আগমনের খবরটি নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি কারিশমা তার ভেরিফায়েড হ্যান্ডেলে স্বামী বরুণের সঙ্গে বেশ কিছু আনন্দঘন ছবি প্রকাশ করেছেন। ছবিগুলোতে হবু মা-বাবাকে ছোট জুতা এবং ‘মা’ ও ‘বাবা’ লেখা টুপি হাতে দারুণ সব ভঙ্গিতে দেখা গেছে। ছবির ক্যাপশনে আবেগঘন বার্তায় কারিশমা লিখেছেন, ‘আমাদের জীবনে অলৌকিক কিছু ঘটতে চলেছে। আগামী আগস্টেই আমাদের জীবনের সেরা উপহারটি আসতে যাচ্ছে।’
এই সুখবর ছড়িয়ে পড়ার পরপরই বলিউড অঙ্গন এবং ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন কারিশমা। খুশি কাপুর, দিয়া মির্জা, জ্যাসমিন ভাসিন, তাহিরা কাশ্যপ এবং সোনাল চৌহানের মতো তারকারা এই হবু মাকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, ছোট পর্দার জনপ্রিয় মুখ হিসেবে ক্যারিয়ার শুরু করা কারিশমা তান্না পরবর্তীতে বড় পর্দায়ও নিজের অবস্থান তৈরি করেন। ২০২১ সালে ব্যবসায়ী বরুণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর এবার তাদের জীবনে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়।