
এই বিনিয়োগ তাদের ১২ বিলিয়ন ইউরোর ‘ইউরোপীয় ডেটা সার্বভৌমত্ব’ উদ্যোগের অংশ
চীনা মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ইউরোপে ডেটা সংরক্ষণ জোরদার করতে ফিনল্যান্ডে আরও একটি ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা করেছে। এ জন্য তারা ১ বিলিয়ন ইউরো (প্রায় ১.১৬ বিলিয়ন ডলার) বিনিয়োগ করবে বলে বুধবার প্রতিষ্ঠানটির পক্ষে জানানো হয়েছে।
এক বছরেরও কম সময়ের মধ্যে এটি তাদের দ্বিতীয় এমন বিনিয়োগ, যা ইউরোপীয় ব্যবহারকারীদের ডেটা ইউরোপেই সংরক্ষণ করার উদ্যোগের অংশ। এর আগে জানুয়ারিতে ডেটা সুরক্ষা সংক্রান্ত উদ্বেগের মধ্যেও টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স যুক্তরাষ্ট্রে সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে সক্ষম হয়। একই সময়ে ইউরোপের বিভিন্ন দেশ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে শিশুদের সুরক্ষায় আরও কঠোর পদক্ষেপ নিতে চাপ বাড়াচ্ছে।
টিকটক জানিয়েছে, ফিনল্যান্ডের দক্ষিণাঞ্চলের লাহতি শহরে নতুন এই ডেটা সেন্টার নির্মাণ করা হবে। প্রাথমিকভাবে এর সক্ষমতা হবে ৫০ মেগাওয়াট, যা ভবিষ্যতে সর্বোচ্চ ১২৮ মেগাওয়াটে উন্নীত করা সম্ভব।
কোম্পানির ভাষ্য অনুযায়ী, এই বিনিয়োগ তাদের ১২ বিলিয়ন ইউরোর ‘ইউরোপীয় ডেটা সার্বভৌমত্ব’ উদ্যোগের অংশ, যার লক্ষ্য ২০ কোটির বেশি ইউরোপীয় ব্যবহারকারীর ডেটা সুরক্ষা নিশ্চিত করা।
কম খরচে বিদ্যুৎ, ঠান্ডা আবহাওয়া এবং পরিবেশবান্ধব জ্বালানির সুবিধার কারণে ফিনল্যান্ড এখন ডেটা সেন্টারের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। ইতোমধ্যে মাইক্রোসফট ও গুগলের মতো বড় কোম্পানিও সেখানে বিনিয়োগ করছে।
তবে টিকটকের ডেটা সেন্টার প্রকল্প নিয়ে ফিনল্যান্ডে উদ্বেগও রয়েছে। গত বছর এপ্রিলে প্রথম ডেটা সেন্টারের পরিকল্পনা প্রকাশের পর কিছু রাজনীতিক নিরাপত্তা ও স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন তোলেন। যদিও ২০২৪ সালে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকল্পটি অনুমোদন দিয়েছিল, তবুও বিষয়টি নিয়ে সমালোচনা থামেনি।
বর্তমানে টিকটকের ইউরোপীয় ব্যবহারকারীদের ডেটা নরওয়ে, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ডেটা সেন্টারগুলোতে সংরক্ষিত হচ্ছে। ফিনল্যান্ডের কৌভোলা শহরে তাদের প্রথম ডেটা সেন্টারটি এ বছরের শেষ নাগাদ চালু হওয়ার কথা রয়েছে, আর দ্বিতীয়টি চালু হতে পারে ২০২৭ সালের মধ্যে।