
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। ঢাকা মনে করে, এটি অঞ্চলের উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ও উৎসাহব্যাঞ্জক অগ্রগতি। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়।
বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট সব পক্ষ যদি যুদ্ধবিরতিকে সম্মান জানায় এবং গঠনমূলকভাবে টেকসই সমাধানের পথে এগোয়, তবে পুরো অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে।
কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধবিরতিতে পৌঁছানো সব পক্ষকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ আরও জানায়, সব ধরনের বিরোধ শান্তিপূর্ণ সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা উচিত এবং তা সম্ভবও।