
ফাইল ছবি
দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের পালে হাওয়া লেগেছে। চলতি এপ্রিল মাসের প্রথম সাত দিনেই দেশে ৮২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে দৈনিক গড়ে এক হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স এসেছে দেশে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বছরের এপ্রিলের প্রথম সাত দিনে রেমিট্যান্স এসেছিল ৬৩ কোটি ৬০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরে একই সময়ে প্রবাসী আয়ের প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে। মূলত বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের ক্রমবর্ধমান উৎসাহের ফলেই এই গতি ফিরছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২ হাজার ৭০৩ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৬০ শতাংশ বেশি।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা বাংলাদেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড। এপ্রিল মাসের শুরুতেও সেই ধারাবাহিকতা বজায় থাকায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট অর্থনীতিবিদরা।