
ফাইল ছবি
আজ বুধবার রাত ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর সম্ভাবনার কথা জানিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সতর্কবার্তায় বলা হয়েছে, এ সময় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৮টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী হতে পারে। পাশাপাশি থাকতে পারে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও।
দফতরের চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিলে মোট পাঁচ থেকে সাত দিন হালকা–মাঝারি এবং এক থেকে তিনটি প্রচণ্ড কালবৈশাখী বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে গত শুক্রবার দেশের ২৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়, যা পরদিনও অন্তত ১৫ জেলায় অব্যাহত ছিল। তবে এরপর থেকে তাপপ্রবাহ কমে গিয়ে বিভিন্ন এলাকায় ছিটেফোঁটা ঝড়বৃষ্টি হওয়ায় তাপমাত্রা আর তেমন বাড়েনি। সাধারণত কোনো অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে তাকে তাপপ্রবাহ ধরা হয়।