
মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ
দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে জাহাজ ‘এমটি সেন্ট্রাল স্টোর’। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ১৮৩ দশমিক ৬ মিটার লম্বা এই জাহাজটি বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে আটটায় বহির্নোঙরে নোঙর করে।
জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে বন্দরের অভিজ্ঞ পাইলটের তত্ত্বাবধানে এবং শক্তিশালী টাগ বোটের সহায়তায় জাহাজটিকে ৫ নম্বর ডলফিন জেটিতে আনা হবে। এরপরই শুরু হবে জ্বালানি খালাস প্রক্রিয়া।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, দেশের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে তেল ও গ্যাসবাহী জাহাজকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু জাহাজের জ্বালানি খালাস হয়েছে এবং আরও বেশ কিছু জাহাজ পাইপলাইনে বা আসার অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তত্ত্বাবধানে আসা এই অকটেন দেশের জ্বালানি চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।