
সায়েন্স ফিকশন অ্যাকশন ড্রামা ‘রাকা’
তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন এবং ব্লকবাস্টার নির্মাতা অ্যাটলির প্রথম যৌথ কাজ নিয়ে সিনেমাপ্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটলো। এতদিন ‘এএ২২এক্সএ৬’ নামে পরিচিত এই মেগা প্রজেক্টটির আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হয়েছে— ‘রাকা’।
বুধবার (৮ এপ্রিল) অভিনেতার ৪৪তম জন্মদিন উপলক্ষে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের মাধ্যমে এই চমক দেয় নির্মাতা প্রতিষ্ঠান।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করেছেন আল্লু অর্জুন নিজেই, যেখানে তাকে দেখা গেছে এক বিধ্বংসী ও রহস্যময় রূপে। পোস্টারে আল্লু অর্জুনকে চেনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ভারী প্রস্থেটিক্স ও মেকআপের মাধ্যমে তাকে বয়স্ক লুকে উপস্থাপন করা হয়েছে।

চোখে গাঢ় কাজল, গায়ে পশমী পোশাক এবং ভেতর থেকে বেরিয়ে থাকা বিশাল নখ বা থাবা চরিত্রটির ভয়াবহ দিককে ফুটিয়ে তুলেছে। পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে— “সীমাহীন এক কল্পনার জন্য নিজেকে প্রস্তুত করুন”।

চোখে গাঢ় কাজল, গায়ে পশমী পোশাক এবং ভেতর থেকে বেরিয়ে থাকা বিশাল নখ বা থাবা চরিত্রটির ভয়াবহ দিককে ফুটিয়ে তুলেছে
সান পিকচার্স প্রযোজিত এই সায়েন্স ফিকশন অ্যাকশন ড্রামাটি গত বছর আল্লু অর্জুনের জন্মদিনে প্রথম ঘোষণা করা হয়েছিল। এবার জন্মদিনে এলো এর নাম ও লুক। বিশেষ চমক হিসেবে নির্মাতারা একযোগে মোট ৯টি ভাষায় পোস্টারটি প্রকাশ করেছেন, যার মধ্যে হিন্দি ও ইংরেজিসহ একাধিক আঞ্চলিক ভাষা রয়েছে।
এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, ‘রাকা’ বড় পরিসরে প্যান-ইন্ডিয়া মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। ‘পুষ্পা’র সাফল্যের পর আল্লু অর্জুনের এই নতুন অবতার বক্স অফিসে আবারও নতুন রেকর্ড গড়বে বলে আশা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।