
ছবি: সংগৃহীত
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও বিদ্যুৎ সাশ্রয়ে ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস পরিচালনার নতুন পদ্ধতি ঘোষণা করেছে সরকার। এখন থেকে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন অফলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই সিদ্ধান্তের কথা জানান।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রোববার (১২ এপ্রিল) থেকে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হবে। সপ্তাহে প্রতি রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইন ক্লাসে অংশ নেবে।

অন্যদিকে, শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে। এই অফলাইন কার্যক্রম আগামী শনিবার থেকেই শুরু হতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, সরকারের এই নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব সুবিধামতো সমন্বয় করে নিতে পারবে।
মূলত জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে জাতীয় সংকট মোকাবিলা এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া অব্যাহত রাখতেই এই দ্বৈত পদ্ধতি (Hybrid Model) বেছে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।