
ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল। ছবি: সংগৃহীত
স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বেসরকারিভাবে এই ফলাফল নিশ্চিত করেছেন।
মোট ১২৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। ফলে ১ লাখ ১৯ হাজার ৬৬ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন রুবেল।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই আসনে ভোটগ্রহণ চলে। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, এ আসনে এবার ৫০ দশমিক ৫২ শতাংশ ভোট পড়েছে। কিছু স্থানে জাল ভোটের বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও জড়িতদের তাৎক্ষণিক আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং সার্বিকভাবে ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছিল। সেই স্থগিত নির্বাচনেই আজ বড় জয় পেলেন বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। দলের এই বিপুল জয়ে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প