বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি জুলাই সনদে যে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত দিয়েছিল, গণভোটের মাধ্যমে দেশের জনগণ তা সরাসরি খারিজ করে দিয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ১১ দলীয় জোটের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠান শেষে জোটের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় সাধারণ মানুষের মাঝে হ্যান্ড লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ কর্মসূচিতে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “এত রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছিলাম, সংসদ বসার পরপরই বিএনপি সেখানে রাজনৈতিক সংকট তৈরি করেছে। ফলে বিএনপির তৈরি করা এই সংকট তাদেরই সমাধান করতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন যে, গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি কোথায় বাধা দিচ্ছে, তা জোটের প্রচারপত্রে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এবং এই প্রচারপত্র বিলি কর্মসূচি আজ থেকে টানা এক সপ্তাহব্যাপী চলবে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “আপনি নিজে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। আপনার ‘হ্যাঁ’ ভোটের অর্থ হলো জুলাই সনদে থাকা প্রতিটি সংস্কার প্রস্তাবে আপনি সায় দিয়েছেন। এখন আপনার মন্ত্রীরা কীভাবে গণভোটকে অবৈধ বলেন? সাহস থাকলে মানুষের ভোটকে অস্বীকার করে দেখান।”
তিনি আরও বলেন, ৫ কোটি মানুষ ভোট দিয়ে সংবিধান ও রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছে। তাই সংবিধান সংস্কার পরিষদকে মেনে নিয়ে শপথ গ্রহণ করতে তিনি সরকারি দলের প্রতি আহ্বান জানান।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১১ দলীয় জোটের এই আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ এপ্রিল সকল মহানগরীতে বিক্ষোভ, ১২ এপ্রিল জেলায় জেলায় কর্মসূচি এবং ১৩ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।