
ছবি: সংগৃহীত
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নিজেদের নাগরিক ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে তেহরানে নতুন বিশেষ দূত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া।
দেশটির সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ এই তথ্য নিশ্চিত করেছে। কুয়েতে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রদূত চুং বিয়ুং-হাকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য মনোনীত করা হয়েছে, যিনি খুব দ্রুতই তেহরানের উদ্দেশ্যে রওনা হবেন।
ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ দূত হিসেবে চুং বিয়ুং-হার প্রধান দায়িত্ব হবে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের মধ্যে দক্ষিণ কোরীয় জাহাজগুলোর নিরাপদ চলাচল এবং সেখানে অবস্থানরত নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা।

বিশেষ করে হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোর বিষয়ে সরাসরি সমন্বয় করবেন তিনি। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে গত বৃহস্পতিবার এক ফোনালাপের পরদিনই সিউল এই ঘোষণা দিল।
বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে অধিকাংশ জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ইয়োনহাপ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সাথে সংশ্লিষ্ট অন্তত ২৬টি বাণিজ্যিক জাহাজ বর্তমানে এই গুরুত্বপূর্ণ জলপথে আটকা পড়ে আছে। এই জাহাজগুলোকে মুক্ত করা এবং নিরাপদে ফিরিয়ে আনাই হবে নতুন দূতের অন্যতম বড় চ্যালেঞ্জ।
উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট, যা বর্তমানে ত্রিমুখী যুদ্ধের উত্তেজনায় চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে।