
লেবাননে ইসরায়েলের হামলা চলতে থাকলে ইসলামাবাদে কোনো ধরনের আলোচনা হবে না—এমন অবস্থান নিয়েছে তেহরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত বৈঠকে অংশ নিতে পাকিস্তানের উদ্দেশে এখনো তেহরান ছাড়েনি ইরানের প্রতিনিধি দল। ধারণা করা হচ্ছে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় ইরান এই বিলম্ব করছে। বিষয়টি জানিয়েছেন ইরানভিত্তিক সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজ-এর জ্যেষ্ঠ গবেষক আব্বাস আসলানি।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আসলানি বলেন, লেবাননে ইসরায়েলের হামলা চলতে থাকলে ইসলামাবাদে কোনো ধরনের আলোচনা হবে না—এমন অবস্থান নিয়েছে তেহরান।
তিনি বলেন, ‘ইরানি প্রতিনিধি দল এখনো তেহরান থেকে রওনা হয়নি। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, লেবাননের ওপর ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে ইসলামাবাদে কোনো আলোচনা হবে না।’

আসলানির মতে, লেবাননে হামলা অব্যাহত থাকায় নির্ধারিত বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, আলোচনার ভিত্তি হিসেবে বিবেচিত ১০ দফা পরিকল্পনা নিয়েও যুক্তরাষ্ট্রের অবস্থানে কিছু পরিবর্তন দেখা গেছে। অবশ্য শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও এটিকে একটি কার্যকর কাঠামো হিসেবে বিবেচনা করেছিলেন।
আসলানির ভাষায়, বর্তমানে ইরানিদের জন্য বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে ‘বিশ্বাসের ঘাটতি’।
তিনি বলেন, ‘ইরান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন তেহরানে একটি পুরোনো আশঙ্কাকে আবার উসকে দিচ্ছে—যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি রক্ষা করবে কি না।’