
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজ থেকে ‘চাঁদা বা ফি’ নেওয়ার অভিযোগে ইরানকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। এনবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন—ইরান যদি এ ধরনের ফি আদায় করে থাকে, তাহলে তা “এখনই বন্ধ করতে হবে”।
সাম্প্রতিক যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ট্রাম্পের এমন মন্তব্য সামনে এল। এর আগে তিনি বলেছিলেন, ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে পারলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান স্থগিত রাখবে। তবে এখনো এ জলপথ পুরোপুরি স্বাভাবিক হয়নি।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এ অঞ্চলে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎপর্যপূর্ণ প্রভাব পড়ে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, জাহাজ চলাচলের অনুমতি দিতে ইরান নাকি শিপিং কোম্পানিগুলোর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সিতে ফি নেওয়ার পরিকল্পনা করছে—যদিও এ বিষয়ে তেহরান এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।
অন্য এক পোস্টে ট্রাম্প আরও বলেন, “আমার কারণে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।” তিনি দাবি করেন, খুব শিগগিরই তেল সরবরাহ স্বাভাবিক করা হবে—ইরান সহযোগিতা করুক বা না করুক।