
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলো আইনে রূপান্তরের অংশ হিসেবে জাতীয় সংসদে আজ শুক্রবার আরও ১০টি বিল পাস হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনের সকালের বৈঠকে এসব বিল উত্থাপিত হয় এবং কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনাবিহীনভাবেই সর্বসম্মতিতে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
বিশেষ কমিটির প্রতিবেদনে জানা যায়, অন্তর্বর্তী সরকারের মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিতভাবে, ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করা হয়েছে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল হিসেবে আনার প্রস্তাব করা হয়।
সকালের অধিবেশনে যেসব বিল পাস হয়েছে সেগুলো বিশেষ কমিটির অপরিবর্তিতভাবে পাসের সুপারিশপ্রাপ্ত। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ এবং ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ উত্থাপন করেন—যা সর্বসম্মতিক্রমে পাস হয়।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল, ২০২৬’ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন—দুটিই সর্বসম্মতিতে পাস হয়।
এ ছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’, ‘এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল, ২০২৬’ এবং ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন করেন এবং এগুলোও সর্বসম্মতিতে পাস হয়।