
গতকাল আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়—বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনই তার প্রমাণ। তিনি এ দুটি আসনে পুনঃনির্বাচনের দাবি জানান।
শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, উপনির্বাচনে ভোট কারচুপি, জাল ভোট এবং এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এজন্য জামায়াত এ নির্বাচন বাতিল ঘোষণা করে পুনঃভোটের দাবি করছে।

গোলাম পরোয়ার বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না—এটি আবারও প্রমাণ হলো। তার অভিযোগ, বিএনপি ক্ষমতায় গিয়ে ‘ফ্যাসিবাদী রূপ নিয়েছে’ এবং গণভোটের রায় নিয়ে সরকার দ্বিচারিতা করছে। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জাতি ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তর সেক্রেটারি ডা. রেজাউল করিম এবং দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নানসহ অন্যান্য নেতারা।