
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের একাধিক দেশকে ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন ভূপাতিত করতে প্রযুক্তিগত ও সামরিক সহায়তা দিয়েছে ইউক্রেন। তিনি বলেন, ইউক্রেনীয় বিশেষজ্ঞরা সরাসরি দেখিয়ে দিয়েছেন কীভাবে ইন্টারসেপ্টর ড্রোন ব্যবহার করে আক্রমণকারী শাহেদ ড্রোন ধ্বংস করা যায়।
সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরের সময় জেলেনস্কি জানান, ওই অঞ্চলের কয়েকটি রাষ্ট্র নিয়মিত ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে শাহেদ ড্রোন প্রতিহত করার দীর্ঘ অভিজ্ঞতা থাকার কারণে ইউক্রেন এখন সেই জ্ঞান অন্যান্য দেশগুলোর সঙ্গে ভাগ করছে।
‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, ইউক্রেন ইন্টারসেপ্টর ড্রোন বিশেষজ্ঞ এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার দলের সদস্যদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠিয়েছে, যারা হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেন শুধু এক দেশকে নয়—বরং মধ্যপ্রাচ্যের একাধিক দেশকে ইরানি শাহেদ ড্রোন প্রতিরোধে সফলভাবে সহায়তা করেছে। এটি ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: আল–জাজিরা