
প্রবাসীর প্রাইভেট গাড়ি । ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে এক প্রবাসীর গাড়িতে সংঘবদ্ধ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে সোনারগাঁও থানাধীন চেঙ্গাইন এলাকার সোনারগাঁও ফুড প্রোডাক্টসের সামনে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাসে করে চট্টগ্রামের মিরসরাই যাচ্ছিলেন প্রবাসী বোরহান উদ্দিন (৩৩)। পথে চেঙ্গাইন এলাকায় ৫-৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার গাড়ির গতিরোধ করে। ডাকাতরা তাকে জিম্মি করে একটি আইফোন, ল্যাপটপ, ৯০ গ্রাম স্বর্ণ এবং দুটি পাসপোর্টসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে পালিয়ে যায়।
এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মহাসড়কে চলাচলরত যাত্রীদের অভিযোগ, হাইওয়ে পুলিশের একটি অংশ নিয়মিত টহলের পরিবর্তে যানবাহন থেকে চাঁদাবাজি ও অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় এশিয়ান হাইওয়েতে নিরাপত্তা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ফলে অপরাধীরা নির্বিঘ্নে একের পর এক এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক বিষ্ণু পদ শর্মা জানান, হাইওয়ে পুলিশের ৮টি টিম বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করে। তবে এশিয়ান হাইওয়েতে কোনো টিম সরাসরি দায়িত্বে থাকে না বলে তিনি উল্লেখ করেন। ডাকাতির ঘটনায় এখনো কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে না পারায় জনমনে উদ্বেগ বিরাজ করছে।