
ছবি: সংগৃহীত
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দিপালী নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) বৈরুতের হামরা এলাকায় কফিলের (নিয়োগকর্তা) পরিবারের সঙ্গে অবস্থানকালে তিনি এই হামলার শিকার হন।
শুক্রবার (১০ এপ্রিল) বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। নিহত দিপালী ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জল ও রোজিনা খাতুন দম্পতির সন্তান।
প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই ভয়াবহ হামলায় দিপালীর কফিল ও তার পরিবারের একাধিক সদস্যও প্রাণ হারিয়েছেন। স্থানীয় প্রতিবেশীদের বরাত দিয়ে এসব তথ্য জানা গেলেও দূতাবাস বিষয়টি আনুষ্ঠানিকভাবে যাচাইয়ের প্রক্রিয়া চালাচ্ছে। বর্তমানে নিহতের মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস দিপালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। মরদেহ শনাক্তকরণ ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। একই সঙ্গে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।