
ফিফা বিশ্বকাপ শুরুর আগেই টিকিটের আকাশচুম্বী মূল্য
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগেই টিকিটের আকাশচুম্বী মূল্য নির্ধারণ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতির পর এবার গ্যালারির সামনের সারির আসনের জন্য নতুন উচ্চমূল্য নির্ধারণ করায় ফুটবলপ্রেমীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে।
ফিফার সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে ক্যাটাগরি-১ এর সামনের সারির একটি আসনের দাম ধরা হয়েছে ৪ হাজার ১০৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫ লাখ টাকারও বেশি।
ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে প্যারাগুয়ে। অথচ মাত্র এক সপ্তাহ আগেও এই একই টিকিটের সর্বোচ্চ মূল্য ছিল ২ হাজার ৭৩৫ ডলার। নতুন করে ‘ফ্রন্ট ক্যাটাগরি’ যুক্ত করার ফলে টিকিটের দাম কয়েক গুণ বেড়ে গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে যে ফিফা কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তাদের ওয়েবসাইটে ‘ফ্রন্ট ক্যাটাগরি-২’ নামে নতুন স্তর যোগ করেছে। যেখানে টিকিটের দাম ১ হাজার ৯৪০ থেকে ২ হাজার ৩৩০ ডলারের মধ্যে রাখা হয়েছে।
এর আগে গত ৯ সেপ্টেম্বর প্রকাশিত তথ্যপত্রে ক্যাটাগরি-১ কেই সর্বোচ্চ মূল্যের আসন হিসেবে উল্লেখ করেছিল ফিফা। ধারণা করা হচ্ছে কিছু আসন আলাদা করে কৌশলে এই নতুন উচ্চমূল্যের স্তরে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মূল্যবৃদ্ধির এই প্রভাব কেবল উদ্বোধনী ম্যাচেই সীমাবদ্ধ নেই। কানাডার উদ্বোধনী ম্যাচেও ফ্রন্ট ক্যাটাগরি-১ টিকিটের মূল্য ৩ হাজার ৩৬০ ডলার নির্ধারণ করা হয়েছে। এমনকি নকআউট পর্বের ম্যাচগুলোতেও একই প্রবণতা দেখা যাচ্ছে।
তবে সবচেয়ে বড় চমক এসেছে ফাইনালের টিকিটে। ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের সর্বোচ্চ টিকিটমূল্য ৮ হাজার ৬৮০ ডলার থেকে বাড়িয়ে ১০ হাজার ৯৯০ ডলার করা হয়েছে।
সাধারণ সমর্থকদের জন্য ফিফা ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’ নামে ৬০ ডলারের স্বল্পমূল্যের টিকিট চালু করলেও সাম্প্রতিক বিক্রিতে সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি নিয়েও তৈরি হয়েছে নতুন প্রশ্ন। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি শহরে প্রথমবারের মতো ৪৮টি দলের এই মেগা আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।