
জাপানের সাবেক তারকা ফুটবলার কেইসুকে হোন্ডা
ক’দিন পরেই পা দেবেন ৪০-এ। এই বয়সে আবারও ক্লাব ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন জাপানের সাবেক তারকা কেইসুকে হোন্ডা। ইতিমধ্যে সিঙ্গাপুরের শীর্ষ লিগের ক্লাব এফসি জুরংয়ের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে হোন্ডা নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। জুরংয়ের পক্ষ থেকে হোন্ডার চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তিনটি বিশ্বকাপে জাপানকে প্রতিনিধিত্ব করা হোন্ডা জাতীয় দলের হয়ে খেলেছেন ৯০টিরও বেশী আন্তর্জাতিক ম্যাচ। ২০১১ সালে এফসি এশিয়ান কাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। সেই আসরে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও মনোনীত হয়েছিলেন। ২০১৮ বিশ্বকাপ থেকে জাপানের বিদায়ের পর হোন্ডা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।

আন্তর্জাতিক আসর থেকে অবসর নিলেও ক্লাব ফুটবলে আরও ছয় বছর খেলেছেন হোন্ডা। সর্বশেষ তিনি ২০২৪ সালে ভুটানের প্রিমিয়ার ডিভিশনের ক্লাব পারো এফসির হয়ে খেলেছেন।
কেইসুকে হোন্ডা এক বিবৃতিতে বলেছেন, ‘এ বছর আমি ৪০ বছরে পা দিতে যাচ্ছি। বেশ কিছু ব্যক্তিগত চ্যালেঞ্জ আমার সামনে অপেক্ষা করছে, যার মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি শীর্ষ লিগে গোল করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো। যদিও আমার প্রাথমিক লক্ষ্য হচ্ছে এই লিগে আমার নতুন ক্লাবকে শিরোপা উপহার দেয়া। এই লিগে দুটি বেশ শক্তিশালী প্রতিপক্ষ রয়েছে। যে কারনে লিগ শিরোপা জয় বেশ চ্যালেঞ্জিং। কিন্তু আমি এই লক্ষ্যপূরণ করতে চাই।’
এফসি জুরং সিঙ্গাপুর প্রিমিয়ার লীগের ছয়বারের বিজয়ী। কিন্তু ক্লাবটি বর্তমানে লীগে তৃতীয় স্থানে রয়েছে।