
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। মনোনয়ন ফরম বিক্রির প্রথম দুই দিনেই ১ হাজার ২৫ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র মতে, গতকাল শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। প্রতিটি ফরমের মূল্য ধরা হয়েছে দুই হাজার টাকা। আগামীকাল রবিবার (১২ এপ্রিল) পর্যন্ত ফরম বিক্রি ও জমা নেওয়া চলবে। ফরম জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত প্রদান করতে হচ্ছে।

জাতীয় সংসদের বর্তমান নিয়ম অনুযায়ী, প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। সেই হিসেবে ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা একটি আসন পাবে। ৩৬টি আসনের বিপরীতে দুই দিনেই হাজারের বেশি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ থেকে নারী নেত্রীদের মধ্যে তীব্র প্রতিযোগিতার আভাস পাওয়া যাচ্ছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্রের যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। ৩০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
সংরক্ষিত আসনের মাধ্যমে সংসদে গিয়ে জনগণের কথা বলতে ও দলের প্রতিনিধিত্ব করতে উন্মুখ হয়ে আছেন বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত একঝাঁক নারী নেত্রী ও বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা। এখন দেখার বিষয়, বিপুল এই প্রার্থীদের মধ্য থেকে দল শেষ পর্যন্ত কাদের হাতে তুলে দেয় চূড়ান্ত মনোনয়ন।