
ডাকাতদল অন্তত ১৬ ভরি সোনা এবং নগদ ১২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
টাঙ্গাইলের মির্জাপুরে দিনদুপুরে এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল গৃহবধূকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে অন্তত ১৬ ভরি সোনা এবং নগদ ১২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামের আলতাব হোসেনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রবাসী আলতাফ হোসেন জানান, তিনি দীর্ঘ ৩৩ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে এক বছর আগে দেশে ফিরেছেন। শনিবার সকালে তিনি স্ত্রীকে নিয়ে কালিয়াকৈরে তাদের নির্মীয়মাণ বাড়ি দেখতে যান। বাড়িতে তখন কেবল তার পুত্রবধূ মারিয়া আক্তার ছিলেন। দুপুর দেড়টার দিকে ৪-৫ সদস্যের একটি ডাকাতদল কৌশলে বাড়ির ভেতরে প্রবেশ করে।

পুত্রবধূ মারিয়া তখন বাইরে রান্না করছিলেন। পরে ফ্রিজ থেকে মাছ নিতে ঘরে ঢুকলে তিনি দেখতে পান অপরিচিত ৪-৫ জন লোক সোফায় বসে আছে। কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে মারিয়ার মাথায় ও হাতে আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে একটি রুমে আটকে রেখে আলমারি ও ওয়ারড্রোবের তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেয় ডাকাতরা।
ডাকাতদল পালিয়ে যাওয়ার পর প্রতিবেশীরা এসে মারিয়াকে উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রবাসী আলতাফ হোসেন জানান, তারা এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।