
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। শনিবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে জরুরি বিভাগে (ইমার্জেন্সি ইউনিট) তার চিকিৎসা চলছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ৯২ বছর বয়সী এই গুণী শিল্পী শনিবার কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন।

এদিকে, আশা ভোঁসলের নাতনি জনাই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, অতিরিক্ত ক্লান্তি ও বুকের সংক্রমণের কারণেই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
আট দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত সংগীতজীবনে আশা ভোঁসলে বহু ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষায়ও হাজার হাজার গান গেয়েছেন। শাস্ত্রীয় সংগীত, লোকগান, পপ কিংবা গজল—সব ধারাতেই তার অনন্য দক্ষতা তাকে পৌঁছে দিয়েছে অসাধারণ উচ্চতায়।
ভারতীয় সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ এবং ‘পদ্মবিভূষণ’। এছাড়া একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার অর্জনের মাধ্যমে তিনি প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম সেরা কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।