
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কোন কোন বিষয় গুরুত্ব পাচ্ছে, তা তুলে ধরেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টা ও মধ্যস্থতায় শনিবার সকাল থেকে শুরু হওয়া নিবিড় আলোচনা এখন পর্যন্ত বিরতিহীনভাবে চলছে। এ সময় দুই পক্ষের মধ্যে অসংখ্য বার্তা ও খসড়া নথি বিনিময় হয়েছে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় আলোচনার মূল এজেন্ডার বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি, পারমাণবিক ইস্যু, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বিরুদ্ধে ও পুরো অঞ্চলে চলমান সংঘাতের অবসান।
যুক্তরাষ্ট্রকে সদিচ্ছা প্রদর্শনের আহ্বান জানিয়ে বাগাই বলেন, এই কূটনৈতিক প্রক্রিয়ার সফলতা অনেকটাই নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা ও বাস্তবসম্মত অবস্থানের ওপর। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, অতিরিক্ত ও বেআইনি দাবি থেকে সরে এসে ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে স্বীকৃতি দেওয়াও আলোচনার অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ।