
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের হেরাত প্রদেশে একটি পিকনিক স্পটে অজ্ঞাত বন্দুকধারীদের অতর্কিত হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার প্রদেশের এনজিল জেলার দেহ মেহরি গ্রামের কাছে একটি বিনোদন এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। প্রাদেশিক কর্মকর্তারা প্রাথমিকভাবে চারজন নিহতের খবর জানালেও পরে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যুর কথা নিশ্চিত করেন।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার বিকেলে যখন বিনোদন এলাকাটি সাধারণ মানুষের উপস্থিতিতে জনাকীর্ণ ছিল, ঠিক তখন মোটরসাইকেলে চড়ে আসা একদল সশস্ত্র ব্যক্তি সাধারণ মানুষকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। হামলার পর বন্দুকধারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হেরাতের স্থানীয় একজন চিকিৎসক জানিয়েছেন, হামলার শিকার ব্যক্তিরা ওই এলাকার একটি মাজার সংলগ্ন স্থানে পিকনিক করতে গিয়েছিলেন। উল্লেখ্য যে, ওই এলাকায় শিয়া মুসলিমরা সংখ্যালঘু এবং অতীতেও তারা বিভিন্ন সময় উগ্রবাদী গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। তবে এই হামলার পেছনে কারা জড়িত বা কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

হেরাতে তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান আহমাদুল্লাহ মুত্তাকি জানিয়েছেন, ঘটনাটি স্থানীয় সময় বেলা ৩টার দিকে ঘটে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।