
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ।। ফাইল ছবি
২০২৪ সালের জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার আশরাফুল হত্যাচেষ্টা মামলায় বিগত আওয়ামী লীগ সরকারের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। রোববার (১২ এপ্রিল) আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তার জামিন মঞ্জুর করেন।
প্রসিকিউশন বিভাগের এস আই আশরাফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ৭ এপ্রিল ভোরে শিরীন শারমিন চৌধুরীকে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিন এ মামলায় তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই বিকেল সাড়ে ৫ টার দিকে লালবাগের আজিমপুর বাসস্ট্যান্ডে আন্দোলনকারী আন্দোলন করছিল। সেখানে দেশী-বিদেশী অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালোনা হয়। একটি গুলি আশরাফুল ওরফে ফাহিমের চোখে লাগে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১১৫/১২০ জনকে আসামি করে মামলা করেন আশরাফুল।
ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপর থেকে তিনি টানা এই দায়িত্বে ছিলেন। ২০১৮ সালের বিতর্কিত নির্বাচন এবং ২০২৪ সালের ৭ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদেও তিনি স্পিকারের দায়িত্ব পালন করেন। শেখ হাসিনার শাসনামলে গঠিত তিনটি সংসদেরই স্পিকার ছিলেন তিনি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে শিরীন শারমিন চৌধুরীকে আর প্রকাশ্যে দেখা যায়নি। শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন। তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।